শিক্ষকের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের দাবিতে ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। এতে সড়কের দুই দিকে বহু যানবাহন আটকা পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যালয়ে চরম শিক্ষক-সংকট চলছে। শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাসও হয় না। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, এ বিদ্যালয় এবারও কুমিল্লা বোর্ডে শীর্ষ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৩তম স্থান লাভ করেছে। এর পরও বিদ্যালয়টির শিক্ষক-সংকট নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিদ্যালয়টির কয়েক শ শিক্ষার্থী ক্লাসে না গিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক ঘটনাস্থলে এসে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বেলা সোয়া ১১টার দিকে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।