শিক্ষকের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের দাবিতে গতকাল ছাত্র-অভিভাবকেরা বিক্ষোভ সমাবেশ এবং শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানটি মাত্র দুজন শিক্ষক থাকায় কার্যত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে বলে ক্ষুব্ধ অভিভাবকেরা জানিয়েছেন।রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুজন শিক্ষক থাকার কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকলে পাঠদানে থাকেন মাত্র একজন শিক্ষক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।শিক্ষকেরা জানিয়েছেন, ১১১ জন এসএসসি পরীক্ষার্থীসহ বর্তমানে বিদ্যালয়ে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। গতকাল বেলা ১১টায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। রোয়াংছড়ি বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুহ্লা অং মারমা। আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির (জেএসএস) জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহ্লামং মারমা, জেএসএস উপজেলা সভাপতি অংশৈমং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সাধারণ সম্পাদক থাংসাং বম, রোয়াংছড়ি ছাত্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুইয়ই মং মারমা প্রমুখ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সবুর জানান, চারজন শিক্ষকের মধ্যে দুজনকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক আবদুল আজিজ দুজন শিক্ষককে প্রশিক্ষণে পাঠানোর কথা স্বীকার করে বলেছেন, নিয়োগের পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। অবিলম্বে আরও তিনজন শিক্ষক রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে পাঠানো হচ্ছে।