শিক্ষকের দুই বছরের দণ্ড
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে নিয়ে উত্তরপত্র তৈরির সময় ইসলাম হোসেন নামের এক শিক্ষককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেনের ভ্রাম্যমাণ আদালতে ইসলাম হোসেনকে হাজির করা হয়। তিনি দোষ স্বীকার করায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইসলাম হোসেন খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোকতার হোসেন প্রথম আলোকে জানান, ইসলাম হোসেনসহ আরও দুজন শিক্ষক গতকাল অনুষ্ঠিত এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তরপত্র তৈরি করছেন—এমন সংবাদ পেয়ে কেন্দ্রসংলগ্ন একটি গুদামে পুলিশ অভিযান চালায়। এ সময় দুজন শিক্ষক পালিয়ে গেলেও পুলিশ ইসলাম হোসেনকে প্রশ্নপত্রসহ আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।