শিক্ষকের নেতৃত্বে স্কুলে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাকুচি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলীকে সাময়িক বরখাস্ত করার একদিন পরই গতকাল মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে সন্ত্রাসীদের নিয়ে তিনি হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুই ছাত্রসহ ১৫ জন আহত হয়েছেন।গুরুতর আহতদের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য একরামুল হকের ছোট ভাই এনামুল হককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন বোর্ডের অনুমতিক্রমে আবুল কাশেম খন্দকার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলী তাঁকে মেনে নিতে অস্বীকৃতি জানান। তিনি কমিটি ও সরকারি নির্দেশনা অমান্য করতে থাকেন। এ অভিযোগে সোমবার ব্যবস্থাপনা কমিটির সভায় তাঁকে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শ্রী গিরিলাল চন্দ্র রায়কে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গতকাল ওই হামলা চালান। হামলার অভিযোগ অস্বীকার করে নায়েব আলী বলেন, ‘বর্তমান ব্যবস্থাপনা কমিটি আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছে।’ সদর থানার ওসি জমির উদ্দিন সরকার বলেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।