শিক্ষকের পদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকের একটি পদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলমের কাছে সঞ্চারকলিপি দেন। গতকাল সকালে উপজেলার ছয়সুতি ইউনিয়নের মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।ব্যবস্থাপনা পর্ষদ সূত্র জানায়, মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৩৯। প্রাথমিক শিক্ষার নীতিমালা অনুযায়ী প্রতি ৫০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক পদায়ন করা হয়। সেই হিসাবে ওই বিদ্যালয়ে সাতটি শিক্ষক পদ থাকার কথা। কিন্তু আছে ছয়জন, তা দিয়ে স্বাভাবিক পাঠদান চালানো কষ্টকর হচ্ছিল। এই অবস্থায় উপজেলা শিক্ষা কর্মকর্তা গত ৩১ মার্চ এক আদেশে বিদ্যালয় থেকে শিক্ষকের একটি পদ কমিয়ে ইসমত জাহান নামের একজন সহকারী শিক্ষককে অন্য বিদ্যালয়ে পদায়ন করেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি এম এ মান্নান বলেন, ‘বর্তমান শিক্ষা কর্মকর্তার সঙ্গে আমাদের ভালো ভাব না থাকায় তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষা সমন্বয় কমিটির সভায় ভুল তথ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের একটি পদ কর্তন করেছেন।’শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘এককথায় বলব শিক্ষা কর্মকর্তা আমাকে ভুল বুঝিয়েছেন। শিক্ষার্থীর সংখ্যার তথ্য সঠিক দেননি। ভুল তথ্য দেওয়ার জন্য পরের সভায় তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল হক বলেন, ‘আমি যা করেছি তা হলো সমন্বয় বদলি। সার্বিক ভালোর চিন্তা রেখে পদ কর্তন করতে হয়েছে। তবে ছাত্রসংখ্যা বাড়লে ওই বিদ্যালয়ের পদও বাড়ানো হবে।’