শিক্ষকের পদ সৃষ্টি হলেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা!
চট্টগ্রাম ও ফেনীর সাতটি সরকারি বিদ্যালয়ে দুই পালা (ডাবল শিফট) চালুর ছয় বছর পর শিক্ষকের পদ সৃষ্টি হয়েছে। কিন্তু শিক্ষকদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে এক পালার শিক্ষক দিয়ে দুই পালার কাজ চালানোর ভোগান্তি কমছে না। গত ৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে নতুন পদ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, সরকারি কর্মকমিশনের (পাবলিক সার্ভিস কমিশন) মাধ্যমে এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।কিন্তু কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে তার সঠিক সময়সীমা জানানো হয়নি। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ যেসব বিদ্যালয়ে দুই পালায় শিক্ষা কার্যক্রম চলছে সেগুলো হচ্ছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই পালা চালু হয়। কিন্তু এ জন্য কোনো শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। ফলে এক পালার শিক্ষক এবং প্রেষণে (ডেপুটেশন) নিয়োগ দেওয়া শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে ছয় বছর ধরে। এক পালায় ২৬ জন করে দুই পালায় ৫২ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু কোনো কোনো বিদ্যালয়ে এক পালার শিক্ষকও নেই। চট্টগ্রাম সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাশ জানান, দুই পালার মোট এক হাজার শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছেন মাত্র ১৮ জন শিক্ষক। এর মধ্যে চারজনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, তাঁর বিদ্যালয়ে বর্তমানে এক হাজার ৪০০ জন শিক্ষার্থীর জন্য ২৬ জন শিক্ষক রয়েছেন। জানা যায়, গত ৪ মার্চ দুই পালার শিক্ষকের পদ সৃষ্টি এবং তাঁদের বেতনকাঠামো সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছেন। ওই চিঠিতে মোট ১৫০টি পদের কথা বলা হয়েছে।