ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আবশ্যিক পাঠ্যবই চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। কিন্তু বেসরকারি কোনো মাধ্যমিক বিদ্যালয়ে ওই সব বিষয়ে কোনো পদ সৃষ্টি করা হয়নি। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চলে ওই দুই বিষয়ের পাঠদান। বছর শেষে শিক্ষার্থীদের পরীক্ষাও নেওয়া হচ্ছে। উত্তরপত্র মূল্যায়নও করছেন অনভিজ্ঞ শিক্ষকেরাই।
শিক্ষাক্ষেত্রে এই অবস্থা চলছে প্রায় সাড়ে তিন বছর ধরে। এতে শিক্ষার্থীরা সঠিকভাবে প্রস্তুতি না নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনই দুরবস্থার মধ্য দিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় এই বোর্ডের ৩ হাজার ১৫৩টি বিদ্যালয় থেকে ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ৯২৫ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, বোর্ডে এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ১৩ এবং অনিয়মিত ১০ হাজার ৫৯৪।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্যবই হিসেবে কর্ম ও জীবনমুখী শিক্ষা আবশ্যিক করা হয়। এ সময়ে শুধু অষ্টম শ্রেণিতে পাঠ্যবই হিসেবে চারু ও কারুকলা বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও তা ছিল ঐচ্ছিক। তবে ওই বছরের ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতেও চারু ও কারুকলা বিষয়টি আবশ্যিক করে। অথচ বেসরকারি বিদ্যালয়গুলোতে ওই দুটি বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি।
অষ্টম শ্রেণির সিলেবাস অনুযায়ী, জেএসসিতে চারু ও কারুকলা বিষয়ে ২৫ নম্বরের রচনামূলক ও ২৫ নম্বরের চিত্র আঁকা, নকশা ও রং করা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে ২৫ নম্বর রচনামূলক (তত্ত্বীয়) ও ২৫ নম্বর ব্যবহারিক ও মৌখিক অভীক্ষার প্রশ্ন থাকে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন প্রধান শিক্ষক ও অন্তত ২০ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় পড়ানোর জন্য বেসরকারি বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক নেই। শিক্ষার্থীরা ওই দুই বিষয়ে সঠিকভাবে না শিখেই জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ কারণে অনেকে পরীক্ষায় ভালো ফলও করতে পারছে না।
কাউনিয়ার হারাগাছ উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে অন্তত ৫০ জন পরীক্ষার্থী জানায়, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে শিক্ষক না থাকায় তারা জেএসসি পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান বলেন, ওই দুই বিষয়ে কোনো শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের জোড়াতালির মাধ্যমে পাঠদান করানো হয়।
বদরগঞ্জের রাধানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ওই দুই বিষয় আবশ্যিক করা হয় প্রায় সাড়ে তিন বছর হলো। অথচ বিষয়ভিত্তিক শিক্ষকের পদ সৃষ্টি করার আজ অবধি উদ্যোগ নেয়নি সরকার। তাহলে বাচ্চাদের পড়াবে কে?
তারাগঞ্জ উপজেলার ইকরচালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ওই দুই বিষয়ে শিক্ষার্থীরা যাতে অভিজ্ঞ শিক্ষক পায়, সে ব্যাপারে সরকারের দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ মণ্ডল বলেন, বোর্ডের অধীনে ৩ হাজার ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক থাকলেও কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের কোনো শিক্ষক নেই। বেসরকারি এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওই দুই বিষয়ের কোনো শিক্ষক নেই। এ কারণে ওই দুই বিষয়ে উত্তরপত্র মূল্যায়নে কিছুটা সমস্যা দেখা দেয়।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন মুঠোফোনে বলেন, পাঠ্যপুস্তক ও শিক্ষকের বিষয়টি দেখভাল করে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি। মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে সমস্যা কেটে যাবে।