জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিভাগীয় শিক্ষা-গবেষণায় বাধা, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে গতকাল সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের নয়জন শিক্ষক। এদিকে বিভাগীয় সভাপতিও অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে গবেষণাকর্মে অনিয়ম, পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বিভাগের নয়জন শিক্ষক একই বিভাগের সভাপতি অধ্যাপক আলী আকন্দের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে চিঠি দেন। এতে বলা হয়, আলী আকন্দ আর্থিক বিষয় ও অফিস-ব্যবস্থাপনায় অনিয়ম করেছেন। তাঁর দায়িত্বহীনতার কারণে বিভাগে স্থবিরতার সৃষ্টি হয়েছে দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে। ১৮ সেপ্টেম্বর তাঁরা আলী আকন্দকে ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সভাপতির পদ থেকে পদত্যাগের আহ্বান জানান। তিনি পদত্যাগ না করায় গতকাল অভিযোগকারী ওই শিক্ষকেরা বিভাগের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা বিভাগীয় সভাপতির বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বরাবর চিঠি দেন। সভাপতি আলী আকন্দ বলেন, ‘অভিযোগকারী শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজনের নানা অনিয়মের প্রতিবাদ করায় এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানানো হচ্ছে।’ সভাপতি জানান, গত বছরের ১৬ অক্টোবর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে তিনি ওই নয় শিক্ষকের মধ্যে ছয়জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা, সেমিনার লাইব্রেরির কার্যক্রম বন্ধ রেখে রাজনৈতিক সভার আয়োজন, ল্যাব টেকনিশিয়ান দিয়ে অসৎ উদ্দেশ্যে পরীক্ষার টেবুলেশন শিট তৈরি, দীর্ঘ সময় বিভাগে অনুপস্থিত থাকা, দুজন শিক্ষিকাকে গালাগাল ও হুমকি প্রদানসহ নানা অনিয়মের প্রতিবাদে ও বিভাগে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেন। এর ফলে ওই শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সহযোগী অধ্যাপক ছালেহ আহাম্মদ খান বলেন, ‘আমরা (সোমবার) গতকাল বর্তমান সভাপতির পদত্যাগের দাবিতে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছি। বিভাগের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অপব্যবহারের প্রমাণ পাওয়ায় আমরা তাঁর পদত্যাগের দাবি জানিয়েছি।’ তাঁদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে ছালেহ আহাম্মদ বলেন, বর্তমান সভাপতি ইচ্ছাকৃতভাবে তথ্যের বিকৃতি ঘটিয়ে তাঁর অনুগত শিক্ষকদের উসকানির মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আজ (সোমবার) সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দেড় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।