শিক্ষকের পদে ইস্তফা দিলেন সেই পৌর কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকের পদে ইস্তফা দিয়েছেন বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম ওরফে টুলু। গতকাল সোমবার দুপুরে তিনি এ লিখিত ইস্তফাপত্র তুলে দেন ওই কর্মসূচির উপজেলা মাঠ কর্মকর্তা আবু আলীর কাছে।
১০-১২ বছর ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে বোয়ালমারী উপজেলার আঁধারকোঠা জামে মসজিদে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন শফিউল আলম। এ বছরের মার্চ মাসে বোয়ালমারী পৌরসভা নির্বাচনে ৬ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন শফিউল আলম। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর পৌরসভা থেকে মাসিক (পাঁচ হাজার টাকা) ভাতা নেওয়ার পাশাপাশি ওই মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক হিসেবেও (মাসে ২ হাজার ৩০০ টাকা) ভাতা নিচ্ছিলেন ওই কাউন্সিলর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই কর্মসূচির বোয়ালমারী উপজেলা মাঠ কর্মকর্তা আবু আলী জানান, পৌর কাউন্সিলর শফিউল আলম গতকাল দুপুর সোয়া দুইটার দিকে তাঁর কার্যালয়ে এসে এ শিক্ষা কার্যক্রমের শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়েছেন। লিখিত ওই পদত্যাগপত্রে তিনি ‘পারিবারিক কারণে শিক্ষক হিসেবে ঠিকমতো সময় দিতে পারছেন না’ বলে জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।