শিক্ষকের পরিবারকে হত্যার হুমকি
শেরপুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী শিক্ষাবিদ সৈয়দ আবদুল হান্নানের পরিবারকে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আবদুল হান্নান গত সোমবার শেরপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের মধ্যশেরী মহল্লার বাসিন্দা সৈয়দ আবদুল হান্নান (৮৬) শেরপুর সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক অধ্যক্ষ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মধ্যশেরী মহল্লার সৈয়দ শহিদুল হক তাঁর প্রতিবেশী এবং জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য। ১০-১২ বছর আগে শহিদুল হকের সঙ্গে আপস-মীমাংসাক্রমে তিনি (হান্নান) তাঁর বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করেন। কিন্তু সম্প্রতি শহিদুল ইচ্ছা করে সীমানাপ্রাচীর-সংলগ্ন স্থান থেকে তিন-চার ফুট মাটি সরিয়ে ফেলেছেন। ফলে প্রাচীরটি ধসে পড়ার উপক্রম হয়েছে। এ ছাড়া শহিদুলের জমির লাগায়ো তাঁর (হান্নান) আবাদি জমির বাঁশের বেড়া ২৪ জানুয়ারি বিকেলে উঠিয়ে ফেলেন শহিদুল এবং তাঁকে গালাগাল করতে থাকেন। তাঁর স্ত্রী ছালেহা বেগম এর প্রতিবাদ করলে শহিদুল তাঁদের খুন করে রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দেন। এ অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে সৈয়দ শহিদুল হক নিজেকে জামায়াতের কোনো কর্মী বা সমর্থক নন দাবি করে বলেন, ‘হান্নান সাহেবকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে হান্নান সাহেব জমিদার আমলের সরকারি রাস্তা কেটে সেখানে বাঁশের বেড়া দিতে চাইলে আমি প্রতিবাদ করি।’