শিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার (৪৮) হাত ও পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার সন্ধ্যায় বানিয়াবহু গ্রামের নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন।
পারিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোলাম কিবরিয়া নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়। পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় জেলা শহরের আলফালাহ প্রাইভেট হাসপাতালে ভর্তি করান।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে বানিয়াবহু উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারের তালা ভেঙে সন্ত্রাসীরা কাগজপত্র তছনছ করে এবং কিছু মালামাল চুরি করে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীরাই গোলাম কিবরিয়াকে মারধর করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোলাম কিবরিয়ার ভাই মনজুর আহমেদ বলেন, হামলায় কিবরিয়ার এক পা এবং হাতের একটি আঙুল ভেঙে গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিন জানান, হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে তাঁরা কর্মসূচি ঘোষণা করবেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, তাঁরা এ জাতীয় কোনো অভিযোগ এখনো পাননি।