শিক্ষকের পিটুনি ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। গুরুতর অবস্থায় ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্র অভিভাবকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার নটাবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সোনারায় গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে শাহীন মিয়ার (১৪) সঙ্গে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নয়ন ক্লাস চলাকালে সহকারী শিক্ষক মশিউর রহমানকে বলে যে, শাহীন তাঁকে (মশিউর) পেটাতে চেয়েছে। এই মিথ্যা অভিযোগ শুনে মশিউর রহমান শ্রেণীকক্ষে ডেকে নিয়ে শাহীনকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেন। এতে শাহীনের দুই পা অবশ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই শিক্ষার্থীর পায়ের আঘাত গুরুতর। সেরে উঠতে সময় লাগবে।
মশিউর রহমান বলেন, ‘শাহিন মিয়া আমাকে পেটাতে চেয়েছে বলে আমি তাকে পিটিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘আমি বিদ্যালয়ে ছিলাম না। পরে এসে ঘটনাটি শুনেছি।’
ইউএনও আলেয়া ফেরদৌস জাহান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’