শিক্ষকের পিটুনিতে ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পিটুনিতে পঞ্চম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার ফকিরের তকেয়া বাজারের রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই সহকারী শিক্ষক আবদুল আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই ছাত্রের নাম তহিদুল ইসলাম (১২)। সে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া এলাকার জমসের আলীর ছেলে।
কয়েকজন শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাসে বেঞ্চে বসা নিয়ে মঙ্গলবার দুপুরে তহিদুলের সঙ্গে সহপাঠী রাকিবের ঝগড়া হয়। রাকিব বিষয়টি তার বাবা সহকারী শিক্ষক আবদুল আউয়ালকে জানায়। আবদুল আউয়াল ক্লাসে এসে কোনো কিছু জিজ্ঞাসা না করে তহিদুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। সে মেঝেতে পড়ে যায়। তখন আউয়াল তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাথি মারতে থাকেন। পরে আউয়াল তাঁর ছেলেকে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান। বিদ্যালয়ের শিক্ষকেরা তহিদুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক শামীমা নাজনীন বলেন, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ছাত্রটি অচেতন হয়ে পড়েছিল। হাসপাতালে আনার সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিক শঙ্কা কেটে গেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণচন্দ্র রায় বলেন, ‘ক্লাসে গিয়ে দেখি তহিদুল মেঝেতে পড়ে আছে ও কান্নাকাটি করছে। সে জানায় আউয়াল স্যার তাকে মেরেছে।’
এ বিষয়ে আবদুল আউয়াল মুঠোফোনে বলেন, ‘আমার ছেলের গায়ে আঘাত করায় রাগের মাথায় ওই ছাত্রকে দু চারটি চর-থাপ্পড় মেরেছি। তাকে লাথি মারিনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, ‘শিক্ষার্থীদের মারধর না করার জন্য ওই শিক্ষককে এর আগেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। একজন শিক্ষক হয়ে কীভাবে একজন ছাত্রকে নিষ্ঠুরভাবে আঘাত করতে পারেন তা আমার জানা নেই।’
সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে ছাত্রটিকে শারীরিক শাস্তি দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।’
এ পরিপ্রেক্ষিতে আবদুল আউয়ালকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বুধবার সংশ্লিষ্ট বিদ্যালয় ও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, আউয়ালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে তাঁর সাময়িক বরখাস্তের নির্দেশ কার্যকর হয়েছে।
জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ‘ওই ছাত্রের প্রতি যে অমানবিক ও নির্দয় আচরণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। পাশাপাশি ছাত্রটির চিকিৎসার খোঁজখবরও রাখতে বলেছি।’