শিক্ষকের পিটুনিতে পাঁচ ছাত্র জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করায় ঝিনাইদহ শহরের একটি কিন্ডারগার্টেনে পাঁচজন ছাত্রকে এক শিক্ষক পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে।
খবর পেয়ে দুজন ছাত্রের পরিবারের সদস্যরা গতকাল রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নিয়ে গেছেন। অভিভাবকদের অভিযোগ, আহত ছাত্রদের গোপনে চিকিৎসা করিয়ে ঘটনা লুকানোর চেষ্টা করা হচ্ছে।
শহরের এইচএসএস সড়কে অবস্থিত অনির্বাণ কিন্ডারগার্টেন নামের ওই প্রতিষ্ঠানে তিন শতাধিক ছেলেমেয়ে পড়ালেখা করে। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ছেলেদের জন্য রয়েছে আবাসিক ব্যবস্থা।
প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থী জানায়, শনিবার রাতে শহরের অন্য এলাকার সঙ্গে তাদের প্রতিষ্ঠানেও বিদ্যুৎ চলে যায়। এ সময় কিছু শিক্ষার্থী চিৎকার করে ওঠে। আবাসিক শিক্ষক বিপুল কুমার এসে কয়েকজন শিক্ষার্থীকে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি শুরু করেন। এতে হামিম নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের হাত ভেঙে যায়। আরও চারজন আহত হয়। তাদের গোপনে চিকিৎসা দিয়ে বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। তারা জানায়, হামিম ও উষাম নামের দুই ছাত্রের অবস্থা খারাপ হওয়ায় তারা গোপনে খবর দিয়েছে।
হামিমের মামা আবুল কালাম আজাদ জানান, স্কুল থেকে শিক্ষার্থীদের ফোন পেয়ে বিষয়টি তাঁরা জানতে পারেন।
এ ব্যাপারে বিপুল কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের প্রধান বিনয় কুমার জানান, বিপুল নামের ওই শিক্ষক টেবিলে ধাক্কা দিলে টেবিল ভেঙে দুই ছাত্র সামান্য আঘাত পেয়েছে। ঘটনা গুরুতর না হওয়ায় অভিভাবকদের খবর দেওয়া হয়নি।