শিক্ষকের পিটুনিতে পাঁচ ছাত্রী আহত
বরগুনা সদর ও বেতাগী উপজেলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রহারে পাঁচ ছাত্রী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বেতাগী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গত মঙ্গলবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অপরাধে চার ছাত্রীকে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে ডাস্টার দিয়ে বেদম প্রহার করেন। অপরদিকে বরগুনা শহরের উপকণ্ঠে লাকুরতলা বালক-বালিকা হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক শুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে না পারায় মরিয়ম (১৪) নামের আরেক শিক্ষার্থীকে বেদম মারধর করেন।বেতাগী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ মো. রফিকুল আমিন সপ্তম শ্রেণীর ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থী রেশমা আক্তার, রিনা আক্তার, মোসাম্মৎ লাকি ও সুমাইয়া আক্তারকে কয়েক দিন ক্লাসে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞেস করেন। এ সময় তারা অসুস্থতার জন্য বিদ্যালয়ে আসতে পারেনি বলে জানালে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে চারজনকে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে ডাস্টার দিয়ে পেটান। এ সময় রেশমা ও রিনা জ্ঞান হারিয়ে ফেললে তাদের দুজনকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সোহেল মৃধা জানান, শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে গতকাল বুধবার দুপুরে বাড়ি ফিরে গেছে। অধ্যক্ষ মো. রফিকুল আমিন বলেন, ‘মেয়েদের শুধু বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে দাঁড় করে রেখেছি। কিন্তু তাদের ডাস্টার দিয়ে মারধর করার বিষয়টি সত্য নয়।’অপরদিকে লাকুরতলা বালক-বালিকা হাফিজি মাদ্রাসার হেফজ শাখার ছাত্রী মরিয়ম গত ১ মে ক্লাসে শুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে না পারায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষক নিশাত জাহান তাকে বেত দিয়ে বেদম প্রহার করেন। এতে মরিয়ম অসুস্থ হয়ে পড়ে। মরিয়মের মা হাজেরা বেগম বলেন, ‘ঘটনার তিন দিন পর বিষয়টি জানতে পেরে আমি মাদ্রাসায় যাই। এ সময় শিক্ষক নিশাত জাহান প্রথমে দু-তিনটি বেত্রাঘাতের কথা স্বীকার করলেও পরে পুরো বিষয়টি অস্বীকার করেন। অসুস্থ মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাইলে তাঁরা বাধা দেন। তাঁরা ১৪ দিন ধরে মরিয়মের চিকিৎসা করান। এতে সুস্থ না হওয়ায় মঙ্গলবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসি। মেয়েটি এখনো ঠিকভাবে হাঁটতে পারছে না।’শিক্ষক নিশাত জাহান বলেন, ‘আমি মেয়েটিকে সামান্য কয়েকটি বেত্রাঘাত করেছি, এটা সত্যি। এটা করা ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে।’চিকিৎসক মাহমুদা লিলি বলেন, মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে পিটুনির কালো দাগ রয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরগুনা সরকারি মহিলা কলেজের পদার্থবিদ্যা বিষয়ের প্রদর্শক মো. নূরুল আমীন বলেন, ‘এটি দুঃখজনক। তবে ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। জানার পর আমি মেয়েটিকে চিকিৎসার পরামর্শ দিয়েছি। দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’