বাড়ির কাজ সম্পন্ন করতে না পারায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াবন্দ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মঙ্গলবার কাজল মিয়া নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়েছেন। অভিযোগ রয়েছে, সহকারী শিক্ষক জাকির হোসেনের পিটুনি খেয়ে কাজল অচেতন হয়ে পড়ে। একই দিন জাকির হোসেন পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেন বলেও অভিযোগ উঠেছে।পিটুনির শিকার কাজলের বাবা মোশারফ হোসেন ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার অঙ্ক ক্লাসে সহপাঠীদের সঙ্গে কাজল (৮) বাড়ির কাজ জমা দেয়। কিন্তু শিক্ষকের দেওয়া সব অঙ্ক সে করতে পারেনি। এ জন্য শিক্ষক জাকির কড়ই গাছের চিকন ডাল দিয়ে কাজলকে পেটাতে থাকেন। একপর্যায়ে কাজল মূর্ছা যায়। পরে খবর পেয়ে কাজলের দাদি ছুটে এসে তাকে বিদ্যালয়ের অদূরের একটি বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালেন। পরে কাজলের জ্ঞান ফেরে।একই দিন সহপাঠীর ছাতা নিয়ে টানাটানি করায় পঞ্চম শ্রেণীর ছাত্র শামীমকে (১০) চড়-থাপ্পড় দেন শিক্ষক জাকির। একপর্যায়ে লাথি মারতে মারতে মেঝেতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে শামীমকে উদ্ধার করে।পিটুনির শিকার দুই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, ‘এ ঘটনা দুঃখজনক। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আরব আলী বলেন, ‘এ নিয়ে বিদ্যালয়ে সভা ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’ সহকারী শিক্ষক জাকির হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি এ দুই শিক্ষার্থীকে সামান্য আঘাত করে একটু শাসন করেছি। এখন বুঝতে পারছি, এভাবে মারধর ও বেত্রাঘাত করা ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমনটি আর হবে না।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত অভিযোগ পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’