শিক্ষকের পিটুনিতে হাত ভাঙল ছাত্রের
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের লাঠিপেটায় সুমন হোসেন (১২) নামের বাকপ্রতিবন্ধী এক ছাত্রের বাঁ হাত ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সুমন প্রথম সাময়িকী পরীক্ষা দিতে পারেনি।
সুমনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে তিনজন ছাত্র একটি বাইসাইকেল চালাচ্ছিল। বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে সুমন তা দেখছিল। বাইসাইকেলটির চাকার কয়েকটি স্পোক খুলে গেলে বাইসাইকেলটি মাঠে রেখে ছাত্ররা শ্রেণীকক্ষের ভেতরে ঢুকে পড়ে। সুমন তখন বাইসাইকেলটির কাছে গিয়ে চেইন তোলার চেষ্টা করছিল। এ সময় এক ছাত্র শিক্ষকদের কাছে সুমনের বিরুদ্ধে অভিযোগ করে। এরপর শিক্ষক গোলাম মোস্তফা সেখানে গিয়ে সুমনকে লাঠিপেটা করেন। লাঠির আঘাতে সুমনের বাঁ হাত ভেঙে যায়। শুক্রবার সকালে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে গত শনিবার বিকেলে সে বাড়ি ফেরে। ওই দিন শিক্ষক গোলাম মোস্তফা সুমনের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেন।
সুমনের মা মনোয়ারা খাতুন অভিযোগ করেন, হাত ভেঙে যাওয়ায় সুমন বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনার পর সে আর লেখাপড়া করতে চাইছে না। সুমনের বাবা হেলাল উদ্দিন বলেন, ছেলের চিকিৎসার জন্য গোলাম মোস্তফা তাঁকে ১০ হাজার টাকা দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেছেন। এ কারণে তিনি শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি।
অভিযোগের ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, সুমন বাইসাইকেলের চাকার স্পোক খুলে ফেলেছিল। শাসন করার সময় মাটিতে পড়ে গিয়ে হাতে আঘাত পায় সে।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরোজ কুমার সরকার বলেন, তিনি লোকজনের কাছে ঘটনাটি শুনেছেন। তবে বিদ্যালয়ের কেউই তাঁকে ঘটনাটি জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।