শিক্ষকের পিটুনিতে হাসপাতালে চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন চুরির অভিযোগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উচ্চবিদ্যালয়ে শিক্ষকের নির্মম পিটুনিতে গুরুতর আহত হয়ে চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী আলমগীর।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গড্ডিমারী উচ্চবিদ্যালয়ের শিক্ষক এরফান আলী গত রোববার আলমগীরকে মুঠোফোন চুরির অভিযোগে বিদ্যালয়ের লাইব্রেরি থেকে বের করে মাঠে নিয়ে নতজানু করে বসিয়ে বেত্রাঘাত করেন। এ সময় তিনি আলমগীরের হাত, পিঠ ও পায়ের পাতায় নির্মমভাবে মারতে থাকলে একপর্যায়ে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন আলমগীরকে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন।আলমগীরের মা আসমা বেগম বলেন, ‘মারধরের পর রোববার রাতেই ওর গায়ে প্রচণ্ড জ্বর আসে ও বমি করে। তাই পরদিন তাকে হাসপাতালে ভর্তি করি।’আলমগীর জানায়, ওই দিন স্কুল ছুটির সময় তার বন্ধু কালাম একটি মুঠোফোন বেঞ্চে রেখে চলে যায়। তখন সে-সহ কয়েক বন্ধু তা দেখে রেখে দেয়। পাশাপাশি বাড়ি হওয়ায় বিকেলে বন্ধুর কাছে (মিষ্টি) খাওয়া নিয়ে ফোনসেটটি ফেরত দেবে, এমন ভেবেছিল। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পর শিক্ষক এরফান আলী তাকে মুঠোফোনে ডেকে স্কুলে এনে কালামের মুঠোফোনটি চাইলে তা সঙ্গে সঙ্গে বের করে দেয় আলমগীর। এরপর তাকে মারধর করা হয়।এ ঘটনায় আলমগীরের বাবা রজব আলী গত মঙ্গলবার হাতীবান্ধা থানায় প্রধান শিক্ষক আতাউর রহমান ও অভিযুক্ত শিক্ষক এরফান আলীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে দ্রুত বসে সমাধান করব।’ শিক্ষক এরফান আলী বলেন, ‘ও মোবাইল চুরি করেছে, তাই মেরেছি।’হাতীবান্ধা থানার ইনচার্জ এনামুল করিম বলেন, ওই ছাত্রকে অমানবিকভাবে পেটানোর ঘটনার তদন্ত চলছে।হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান বলেন, ‘শিক্ষকের এহেন আচরণ কাম্য নয়। আমি বিষয়টি দেখছি।’