শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্যা বিএম উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিনের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (স্কুল ড্রেস) না পরার কারণে তাদের অমানবিকভাবে পেটানো হয়।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার মধ্যে সব শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়। সকাল ১০টার দিকে তাদের শারীরিক কসরত (পিটি) করার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ডাকা হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় শারীরিক কসরত। এ সময় ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিন আকস্মিকভাবে খেপে গিয়ে দশম শ্রেণীর ছাত্র মো. জুলহাস মিয়া, আল-আমিন, সুজন, সোহেলসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটাতে থাকেন। উপর্যুপরি বেতের আঘাতে জুলহাস অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মাথায় পানি ঢেলে সাময়িকভাবে তাকে সুস্থ করে তোলেন। খবর পেয়ে অভিভাবকেরা গিয়ে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জুলহাস উপজেলার রাধানগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তার বাবা একজন দরিদ্র কৃষক। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিরা বেগম জানান, আঘাতে জুলহাসের ডান পায়ের হাঁটুর নিচে ফেটে গেছে। এ ছাড়া তার দুই পায়ের হাঁটুর নিচে এবং আরও বেশ কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুলহাসসহ অন্য আহত শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক না পরার অপরাধে তাদের পোটানো হয়। ভুল শিকার করে গতকালের মতো মাফ করে দেওয়ার অনুরোধ করার পরও শিক্ষক তাদের নির্মমভাবে পেটান। জানতে চাইলে ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিন তাঁর ভুল স্বীকার করে প্রথম আলোকে বলেন, বারবার বলার পরও নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে না আসায় কয়েকজন শিক্ষার্থীকে পেটানো হয়েছে। আঘাত বেশি হওয়ায় জুলহাসের পা ফেটে রক্ত বের হয়।জুলহাসের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘ট্যাকার অভাবে পুলারে স্কুল ড্রেস বানাইয়া দিবার পারি নাই। ভাবচি বোরো ধান ঘরে আইলে পোশাক বানাইয়া দিমু। তার পরও মাস্টাররা আমার পুলারে মাইরা হাসপাতালে পাঠাইল।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান বলেন, ‘পিটিয়েও শিক্ষার্থীদের ঠিক রাখা যায় না। না পেটালে ওরা আরও কথা শুনবে না। তবে জুলহাসকে যেভাবে পেটানো হয়েছে, সেটা ঠিক হয়নি।’ সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শমসের মিয়া বলেন, মৌখিকভাবে শুনে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।