শিক্ষকের প্রহারে মাদ্রাসাছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে হাতের লেখা না আনায় গত বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদ্রাসাশিক্ষকের বেত্রাঘাতে আবদুর রাহিম (১১) নামের এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহিম উপজেলার দৌলতপুর গ্রামের ট্রাক্টরচালক সফিকুল ইসলামের ছেলে।
সফিকুল বলেন, তাঁর ছেলে রাহিম দৌলতপুরের আল জামিয়াতুল ইসলামিয়া ফাইজুল উলুম কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেলে রাহিম মাদ্রাসায় যায়। খাতা বাড়িতে রেখে যাওয়ায় হাতের লেখা দেখাতে না পারায় মাদ্রাসার শিক্ষক মো. ফসিউর রহমান লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করেন। লাঠির আঘাতে রাহিম লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে শিক্ষক তাকে মার দেওয়া বন্ধ করেন।
রাহিমের মা শান্তনা বেগম বলেন, বৃহস্পতিবার রােত তিনি রাহিমকে মাদ্রাসা থেকে বাড়িতে আনেন। তার হাত-মুখ ধোয়ার জন্য জামা খুলতে গিয়ে দেখেন পিঠে মারের দগদগে রক্তাক্ত দাগ। পিঠের রক্তের সঙ্গে জামাটা আটকে যাওয়ায় জামা খুলতে গেলে ছেলে চিৎকার করে কাঁদতে থাকে। পরে রােতই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষক ফসিউর বলেন, ‘রাহিম শুধু ছাত্রই না, সে আমার ভাগনেও বটে। তাকে শাসন করার অধিকার আমার আছে। সেদিন আরও কয়েকজনকে শাসন করেছি। শাসন একটু কমবেশি হতেই পারে। ঘটনাটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার আছে বলে মনে করি না।’