শিক্ষকের প্রহারে শিশু মারা যাওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল গ্রামের কৈবর্তপাড়ায় স্কুলশিক্ষকের প্রহারে ছাত্রী বৃষ্টি দাশ মারা যাওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন করেছে ন্যাশনাল ডায়লগ ফাউন্ডেশন (এনডিএফ)। কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি গত ৩১ জুলাই মারা যায়।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগীতশিল্পী আবদুল মান্নান রানা, কাউন্সিলর এ এফ কবির আহমেদ, নাগরিক ঐক্য চট্টগ্রামের আহ্বায়ক সোহরাব হোসেন, সমন্বয়ক এন এ স্বপন মজুমদার, এনডিএফের নির্বাহী পরিচালক মো. ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন না করতে হাইকোর্টের আদেশ রয়েছে। কিন্তু সেই রায় বাস্তবায়নে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই। যে কারণে শিক্ষকের নির্মম প্রহারে মৃত্যুবরণ করতে হয়েছে শিশু বৃষ্টিকে।