শিক্ষকের বকাঝকা, ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস সময়ের বাইরে শ্রেণীকক্ষে বসে সহপাঠী এক ছেলের সঙ্গে গল্প করছিল পপি মল্লিক। এই ‘অপরাধে’ তাকে ডেকে নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে বকাঝকা করেন প্রধান শিক্ষক। এর কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করে পপি।
পপি মল্লিক মাগুরার শালিখা উপজেলার বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং বিদ্যালয়ের অদূরে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের হরবিলাশ মল্লিকের মেয়ে।
পপির কয়েকজন সহপাঠী জানায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পপি মল্লিক সহপাঠী প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে শ্রেণীকক্ষে বসে গল্প করছিল। ওই সময় কোনো ক্লাস ছিল না। বিষয়টি অন্য সহপাঠীরা প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাসকে জানালে তিনি পপি ও প্রসেনজিৎকে তাঁর কক্ষে ডেকে পাঠান। ওই কক্ষে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বসেন। এ সময় প্রেম করার অভিযোগে দুজনকে বকাঝকা করেন প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।
পপির দাদু হরশিত মল্লিক প্রথম আলোকে বলেন, ‘পপি দুপুরে স্কুল থেকে ফিরে কিছু খায়নি। কিছুক্ষণ ঘরে দম মেরে বসে থাকে। তারপর বাইরে বের হয়ে যায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে আমরা বাড়ির পাশে আমগাছে তার লাশ ঝুলতে দেখি।’
প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পপি ও প্রসেনজিৎকে আমার কক্ষে ডেকেছিলাম। এ সময় অন্য শিক্ষকেরাও ছিলেন। তারা দুজন ভালো বন্ধু বলে স্বীকার করেছে। আমরা বলেছি, মাধ্যমিক স্কুলে প্রেম চলবে না। তাদের বলেছি, কাল (আজ রোববার) তাদের অভিভাবকদের স্কুলে নিয়ে আসতে। বিকেলে শুনলাম, পপি আত্মহত্যা করেছে।’
পপির সহপাঠী অভিজিৎ বর বলল, ‘পপি ও প্রসেনজিৎকে যখন স্যারেরা বকাঝকা করছিল, তখন স্কুলের সব ছাত্রছাত্রী ভিড় করে দেখছিল। মনে হয় অপমান সহ্য করতে না পেরে পপি আত্মহত্যা করেছে। স্যারেরা ওদের সম্পর্কের বিষয়টি জানানোর জন্য তাদের অভিভাবকদের স্কুলে নিয়ে আসতে বলেছিল। এ জন্য হয়তো ভয় পেয়েছিল সে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি।’
গৃহবধূর আত্মহত্যা: মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামে গতকাল সকালে সাজেদা বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ এ কথা জানিয়েছে। সাজেদা বেগম ওই গ্রামের বায়েজিদ হোসেনের স্ত্রী।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র গাইন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের কারণে রাগ করে ওই গৃহবধূ বেলা ১১টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ভেতর আত্মহত্যা করেন। তাঁকে দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। কেউ মেরে ফেলেনি। তিনি জানান, কেউ অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।