শিক্ষকের বকাঝকা, ছাত্রীর আত্মহত্যা?
পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামে গতকাল শুক্রবার সকালে ময়ূরী আক্তার নামের এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকাঝকা করায় ও ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ময়ূরী আক্তার (১২) তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে তেজদাসকাঠি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও ছাত্রীর স্বজনদের সূত্রে জানা গেছে, ময়ূরীর দুই বছর বয়সে তার মা-বাবার বিচ্ছেদ ঘটে। পরে মায়ের দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে ময়ূরী তেজদাসকাঠি গ্রামে নানা বাড়িতে থাকত। কয়েক মাস আগে পাশের মূলগ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কানে গেলে তিনি ময়ূরীসহ আরও তিন ছাত্রীর অভিভাবককে বিদ্যালয়ে ডেকে পাঠান। গত বৃহস্পতিবার সকালে ময়ূরীকে নিয়ে তার নানি বিদ্যালয়ে যান। এ সময় প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ময়ূরীকে বকাঝকা করেন। তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এর জেরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ময়ূরী ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ময়ূরী আক্তারের নানি নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ময়ূরীকে প্রধান শিক্ষক বকাঝকা করেন এবং বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার কথা বলেন। এতে অপমানিত হয়ে ময়ূরী আত্মহত্যা করেছে।
আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক মন্তব্য করে প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, বিদ্যালয়ের চার ছাত্রীকে ডেকে অভিভাবকদের উপস্থিতিতে সতর্ক করে দেওয়া হয়। ওদের ভয় দেখানোর জন্য ছাড়পত্র দেওয়ার কথা বলা হলেও ছাড়পত্র দেওয়া হয়নি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।