কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে ওই বিভাগের শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। এরপর একই দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধনের প্রস্তুতি নিলে ওই কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামানের বহিষ্কারাদেশ বাতিল এবং তাঁর বিরুদ্ধে অভিযোগকারীর শাস্তি দাবিতে গতকাল বিভাগের সব শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। এরপর সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে তাঁরা মানববন্ধনের প্রস্তুতি নেন। কিন্তু ওই সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের কর্মসূচিতে বাধা দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন।তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মানববন্ধনে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কোনো কর্মীই মানববন্ধনে বাধা দেননি।পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এতে অবিলম্বে ওই শিক্ষকের বহিষ্কারাদেশ বাতিল, অভিযোগকারীর শাস্তি এবং মানববন্ধনে বাধা প্রদানকারী ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘আমাদের শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ষড়যন্ত্রমূলক। তদন্ত কমিটির প্রতিবেদনের আগেই বরখাস্তের আদেশ যুক্তিসংগত নয়।’ উল্লেখ্য, ১৬ জানুয়ারি ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী প্রভাষক আসাদুজ্জামানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।