নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ এলাকার রওশন ইজদানী একাডেমির সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে ব্যবস্থাপনা কমিটি গোলাম রব্বানীকে বাদ দিয়ে অবৈধভাবে আরেকজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তও বাতিল করেছে এবং তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে। বিষয়টির সুরাহা হওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামীকাল শনিবার থেকে বিদ্যালয়টিতে আবার নিয়মিত ক্লাস চলবে।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ওই বিদ্যালয়ে যান। এ সময় তিনি ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি ব্যবস্থাপনা কমিটির রেজুলেশন (কার্যবিবরণী) খাতাও যাছাই করেন। একপর্যায়ে ইউএনও গোলাম রব্বানীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং সরকারি নির্দেশনা অমান্য করে সহকারী শিক্ষক আবদুল কাইয়ূমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটিও বাতিল করার জন্য ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেন।
ইউএনওর নির্দেশে ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভা ডেকে সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। এ ছাড়া সহকারী শিক্ষক আবদুল কাইয়ূমকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। একই সময় ওই কমিটি সরকারি পরিপত্র অনুযায়ী গোলাম রব্বানীকে এ পদের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দুজ্জামানের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।