শিক্ষকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে কলেজ শিক্ষকের বাসা থেকে গতকাল শুক্রবার তৃপ্তি নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামে। তৃপ্তির স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের আরবপুর এলাকায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক শরিফুজ্জামানের বাসা থেকে গতকাল সকালে তৃপ্তির (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তৃপ্তির মামা ওলিয়ার রহমান জানান, তৃপ্তি প্রায় চার বছর ধরে প্রভাষক শরিফুজ্জামানের বাসায় কাজ করছিল। সে এর আগে বেশ কয়েকবার পরিবারের সদস্যদের জানিয়েছিল, নানা অজুহাতে তাকে শারীরিক নির্যাতন করা হয়। তৃপ্তি তিন মাস আগে একবার বাড়ি যায়। কয়েক দিন আগে আবার সে বাড়ি যেতে চাইলে গৃহকর্ত্রী তাকে অনুমতি দেননি। ওলিয়ার অভিযোগ করেন, তাঁর ধারণা, তৃপ্তির বাড়ি যেতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়। তিনি বলেন, আত্মহৎযা করলে তৃপ্তির জিহ্বা বের হয়ে আসাসহ অন্যান্য প্রাথমিক লক্ষণ ধরা পড়ত। কিন্তু সে রকম কিছু দেখা যায়নি।হাসপাতাল মর্গের সামনে প্রভাষক শরিফুজ্জামান সাংবাদিকদের কাছে এই অভিযোগ অস্বীকার করে বলেন, তৃপ্তি গত বৃহস্পতিবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহৎযা করেছে। আত্মহৎযার প্রাথমিক লক্ষণ দেখা যায়নি কেন সাংবাদিকদের এমন প্রশ্নে শরিফুজ্জামান উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ওই এলাকা ত্যাগ করেন।ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজা কুলসুম জানান, প্রাথমিক তদন্তে তৃপ্তির আত্মহৎযার লক্ষণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।