শিক্ষকের বাসায় আগুন, আহত ১
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলামকে গত সোমবার সন্ধ্যায় দেখে নেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। ওই দিন দিবাগত রাতে তাঁর বাসার একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।আগুনে ওই শিক্ষকের ছেলে আইন-উল ইসলামের (১৩) মুখ ও হাত-পা ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম চার মাস আগে আমলা বহুমুখী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। আমলা বাজারের পাশেই একটি দোতলা বাড়ির নিচ তলায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি ভাড়া থাকেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আমিরুলের দুই ছেলের শোবার কক্ষে আগুন জ্বলে ওঠে। দ্রুত ভেজা কম্বল গায়ে জড়িয়ে ওই কক্ষে ঢুকে আমিরুল তাঁর ছেলেদের উদ্ধার করেন। আগুনে তাঁর বড় ছেলে আইন-উল ইসলামের মুখ ও হাত-পা আগুনে ঝলসে গেছে। ছোট ছেলে আশিকুল ইসলামের হাত পুড়ে গেছে। গতকাল এ ঘটনা জানাজানি হওয়ার পর বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে। আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আমিরুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মুঠোফোনে হাসান নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ওই ব্যক্তি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমিরুল অভিযোগ করেন, যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের যাবতীয় কাজ নীতি-নৈতিকতার সঙ্গে করে আসছেন। একটি মহল এতে ঈর্ষান্বিত হয়ে তাঁর বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়েছেন।কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম বলেন, বাইরে থেকে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে ওই কক্ষে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।