পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষকের বাসায় হামলা চালিয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মো. ইলিয়াস হোসেন ওরফে সবুজ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিয়াস একটি বিষয়ের পরীক্ষায় ৪০ নম্বরের বিপরীতে ২৭ নম্বর পান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার বিকেলে একদল সন্ত্রাসী নিয়ে ওই বিষয়ের শিক্ষক মশিউর রহমানের বাসায় হামলা চালান। একপর্যায়ে তিনি মশিউর রহমানকে অপহরণ করার চেষ্টা করেন। চেঁচামেচি শুনে আশপাশের লোকজন বেরিয়ে এলে ইলিয়াস সন্ত্রাসীদের নিয়ে পিছু হটেন। তাৎক্ষণিকভাবে মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানান। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিক্ষক মশিউর রহমান জানান, ‘সন্ত্রাসীদের নিয়ে ইলিয়াস আমার বাসার দরজায় লাথি মারে। দরজা খুললে সে আমাকে পরীক্ষায় নম্বর কম দেওয়ার কারণ জানতে চায়। একপর্যায়ে আমাকে অপহরণ করার চেষ্টা করলে আমি বাসার ভেতরে গিয়ে দরজা আটকে দিই। ওই সময় ইলিয়াস চিৎকার করে বলতে থাকে, “দরজা দিলে কী হবে, তোকে বাসা থেকে বের হতে হবে”।’অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ইলিয়াস জানান, ‘ওই শিক্ষক আমাকে সব সময় কম নম্বর দেন। কারণ জানতেই স্যারের বাসায় দেখা করতে যাই।’ কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।