কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ইলিয়াস হোসেনের হাতে একই বিভাগের এক শিক্ষক লাঞ্ছিত ও তাঁর বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করেছে।নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, স্থায়ীভাবে বহিষ্কারাদেশসহ ইলিয়াসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে। তবে এ ব্যাপারে কমিটির কেউই মুখ খুলতে রাজি হননি।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির ছায়াদুল্লাহ বলেন, ‘নির্ধারিত সময়ে উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।’এদিকে ইলিয়াসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী রোববার জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছে। উপাচার্য আমির হোসেন খান বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রোববারের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ইলিয়াস গত সোমবার বিকেলে দলবল নিয়ে প্রভাষক মশিউর রহমানের গন্ধমতি আবাসিক এলাকার বাসায় গিয়ে হামলা চালায়। পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ এনে তাঁকে বাসা থেকে অপহরণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় ওই দিনই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করে ছয় সদস্যের তদন্ত কমিটি।