শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গোসাইলডাঙায় অবস্থিত বারিক মিঞা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের সামনে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওই শিক্ষকের শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, অভিভাবক মহিন উদ্দিন, মোহাম্মদ নূরন্নবী লিটন, ফেরদৌসী আকবর, হাসান মুরাদ। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী।
জান্নাতুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশালীন প্রস্তাব ও যৌন হয়রানি করেছে উল্লেখ করে চার ছাত্রী গত রোববার আমাকে অভিযোগ দিয়েছে।’
এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বিদ্যালয়ের শিক্ষকেরা।
অভিযোগের ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘গত বছর নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় নয় ছাত্রকে দশম শ্রেণিতে ভর্তি হওয়ার অনুমতি দিইনি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কয়েকজন ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এসব কারণে কিছু শিক্ষক ও স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে বানোয়াট সব অভিযোগ এনেছেন। তদন্ত হলে সব মিথ্যা প্রমাণিত হবে।’