শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবকদের করা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

২০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে টিউশন ফি, ফরম পূরণ, নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। বিদ্যালয়ের তহবিলের টাকা তুলে নিমার্ণকাজ করেছেন তিনি। শিক্ষার্থীদের নিম্নমানের গাইড বই পড়তে বাধ্য করেছেন। সরকারিভাবে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ টাকা করে আদায় করেন তিনি।

অভিযোগ পেয়ে ইউএনও শাহীনুর ইসলাম বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে নির্দেশ দেন। এরপর সাইফুল ইসলাম গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করেন।

গতকাল বুধবার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি তদন্ত করে অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছি। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেব।’

সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক আবদুর রশিদ মোল্লা বলেন, ‘জাহাঙ্গীর আলমের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হয়ে গেছে। পরীক্ষার ফলাফল একেবারে খারাপ পর্যায়ে চলে এসেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বিরুদ্ধে যেহেতু তদন্ত চলছে, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’