কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের বিএনপিপন্থী এক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতির দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।চিঠিতে উল্লেখ করা হয়, দাওয়াহ বিভাগের সহযোগী অধ্যাপক এম আবু জাফর খান ঢাকার উত্তরায় অবস্থিত ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান থাকাকালে কয়েকজনের সঙ্গে আঁতাত করে ভুয়া ভাউচারের মাধ্যমে ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেন। স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটির পরিচালকমণ্ডলীর একজন সদস্য এ অভিযোগ দিয়েছেন। এমনকি প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলে শিক্ষক আবু জাফর তা দিতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি প্রতিষ্ঠানটির কয়েকজন পরিচালককে উৎখাত ও শায়েস্তা করার জন্য প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন।এ বিষয়ে শিক্ষক এম আবু জাফর খান প্রথম আলোকে বলেন, ‘যে অভিযোগগুলো করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’এদিকে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. কামালউদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।