বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান। কয়েক দিন আগের ঘটনাটি গোপন থাকলেও সম্প্রতি থানায় জিডি হওয়ায় বিষয়টি সবার সামনে আসে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গবেষণা কমিটি ও রেজিস্ট্রারের কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০ মার্চ ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই কমিটির সভাপতি ও বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন ফলাফল শিটে এক শিক্ষার্থীর নম্বর যোগ না করেই সই করেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী থিসিস নকল করে জমা দিয়েছেন। এ সময় কমিটির অন্যান্য সদস্য অধ্যাপক নূরুল হক, আলী আশরাফ ও সিদ্দিকুর রহমান আপত্তি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নূরুল হক আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসদাচরণ করেন। এ ঘটনায় আনোয়ার হোসেনকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। গত বুধবার রাতে তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে শিক্ষক নূরুল হক ও সংশ্লিষ্ট অনুষদের (কৃষি প্রকৌশল ও কারিগরি) ডিন আবদুর রশিদকে অভিযুক্ত করা হয়েছে।
থানার উপপরিদর্শক এনামুল হক জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নূরুল হক বলেন, ‘কিছুটা বাগ্বিতণ্ডা হয়েছে। আনোয়ার হোসেনই তির্যকভাবে জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন। বাকি সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
আরেক সদস্য সিদ্দিকুর রহমান বলেন, থিসিস নকল কি না, তা ডিফেন্স দেওয়ার সময় ধরতে হবে ও প্রমাণ দিতে হবে। চূড়ান্ত ফলাফল শিট তৈরির সময় তা ধরলে হবে না।