শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ ছাত্রীদের
নড়াইলের কালিয়া উপজেলার শাহবাগ ইউনাইডেট একাডেমির সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণসহ যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক বলেছেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে জানানো হয়েছে এবং ১৮ মার্চ সভা আহ্বান করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বিশ্বাস এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, সমাজে তাঁকে হেয়প্রতিপন্ন করতে একটি মহলের উসকানিতে ছাত্রীরা এ অভিযোগ করেছে।এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোবিন্দ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল। স্কুলের সুনাম নষ্ট হবে ভেবে এ বিষয়ে কেউ কোনো কথা বলেনি। স্কুলের প্রাক্তন ছাত্র কলামনখালী গ্রামের সেকেন্দার শেখ বলেন, ‘২০০৫ সালে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হলে গোবিন্দ চন্দ্র স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই। স্যার তখন তাঁর এক বান্ধবীর (নাম প্রকাশ না করার শর্তে) সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে পরের দিন থেকে তাঁর কাছে প্রাইভেট পড়া বাদ দিই।’ নাম প্রকাশ না করার শর্তে স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীরা জানায়, স্যারের স্বভাব-চরিত্র ভালো নয়। এর বেশি কিছু বলতে চাই না। স্কুলের প্রধান শিক্ষক মোল্লা আশরাফ আলী বলেন, অষ্টম শ্রেণীর ছাত্রীরা ৯ মার্চ ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে অষ্টম শ্রেণীর ক্লাস দেওয়া হচ্ছে না।