শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের প্রমাণ মিলেছে
বগুড়ার ধুনটের তারাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে লাথি মেরে আহত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি এ অভিযোগের সত্যতা পেয়েছে।ছাত্রের মা হালিমা খাতুন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর গতকাল শনিবার সকাল ১০টায় সরেজমিনে তদন্ত করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আশুতোষ কুমার গত সোমবার বেলা সাড়ে ১১টায় তাঁর অফিস কক্ষে বসেছিলেন। দ্বিতীয় শ্রেণীর ছাত্র তারাকান্দী গ্রামের দিনমজুর আবদুল মোমিনের ছেলে আল-আমিন তার সহপাঠী এক ছাত্রীর টিফিন বক্সে রাখা ভাত গোপনে খেয়ে ফেলে। এ ঘটনা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে আল-আমিনকে তাঁর কক্ষে ডেকে নিয়ে লাথি মারেন। হালিমা খাতুন বলেন, ‘আমার স্বামী কামের লাইগা কয়দিন ধরে বাহিরে গেছে। এর লাইগা ঘরে কোনো ভালো খাবার নেই। ওই দিন সকালে ঘরে ভাত ছিল না। ছেলেডার পেটে ক্ষুধা ছিল। তাই একজনের ভাত খাইছে। তার লাইগা আমার ছেলেরে মাস্টার এভাবে মারল।’বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘প্রধান শিক্ষক এলাকায় না থাকায় এ বিষয়ে ব্যবস্থা নিতে পারছি না।’প্রধান শিক্ষক আশুতোষ কুমার বলেন, ‘লাথি মারার কথা সত্য নয়। সে এক ছাত্রীর টিফিন বক্স থেকে ভাত চুরি করে খেয়েছিল। এ কারণে অন্য শিক্ষকেরা তাকে মারধর করেছে। আমি ওই দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না।’উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার দিন তাঁর ছুটি ছিল না। তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন।’