শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন
এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে’ এ মানববন্ধন করা হয়।
গত রোববার নতুন ভবনের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের সহসহম্পাদক মো. ইব্রাহিম ও কানন। এ সময় ঘটনাস্থলে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র হাসান ইমাম প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই বিভাগের শিক্ষক রাজীব মীর।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এ রকম একের পর এক ঘটনা ক্যাম্পাসে ঘটলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে মারার অধিকার দিয়েছে কে?’
স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন করেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা।
রাজীব মীর সাংবাদিকদের বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।’