শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি শিক্ষায়তনের উপাধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এর আগে একই ধরনের অভিযোগে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁকে বরখাস্ত করা হয় বলে সেখানকার প্রধান শিক্ষক জানিয়েছেন। তবে উপাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয়দের অভিযোগ, পাথরঘাটার মুন্সিরহাট এনআই খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল (৩৫) বরাবরই বিদ্যালয় আঙিনা ও শ্রেণীকক্ষে ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করতেন। এতে শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করলেও ভয়ে কেউ উচ্চবাচ্য করেনি। গত ১৬ জুলাই ইব্রাহিম খলিল বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বাগদান করলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে প্রতিবাদের ঝড় ওঠে। পাথরঘাটা পৌর এলাকার তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বশর আজাদ প্রথম আলোকে বলেন, শ্রেণীকক্ষে অকারণে মেয়েদের হাত ধরা, তাদের রূপের প্রশংসা করাসহ বিভিন্ন অশালীন আচরণের অভিযোগ ওঠায় দুই বছর আগে ইব্রাহিম খলিলকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ সত্যি নয়, এটা ষড়যন্ত্র।’ অষ্টম শ্রেণীর ছাত্রীর সঙ্গে বাগদানের কথা স্বীকার করে তিনি বলেন, বাগদান আর বিয়ে তো এক কথা নয়। এনআই খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নূরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ইব্রাহিম খলিল শিক্ষক হিসেবে ভালো হওয়ায় তাঁকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছি। অধ্যক্ষ নূরুল ইসলাম খান ওই ছাত্রীর বয়স ১৮ বছর ছয় মাস দাবি করলেও গত ৩০ মার্চ যে এসআইএফ পূরণ করে বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানো হয়, তাতে তার জন্মতারিখ উল্লেখ করা হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।