কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষক গত সোমবার এক ছাত্রীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।লাঞ্ছিত ছাত্রী ও শিক্ষার্থীরা জানান, সিভিল বিভাগের শিক্ষক আবদুল মান্নান গত সোমবার শ্রেণীকক্ষে সিভিল তৃতীয় বর্ষের (পঞ্চম পর্বের) এক ছাত্রীর কাছে গত ক্লাসে অনুপস্থিত থাকার কারণ জানতে চান। জবাবে ওই ছাত্রী জানান, আর্থিক সমস্যার কারণে তিনি কলেজে আসতে পারেননি। এ সময় শিক্ষক আবদুল মান্নান রেগে গিয়ে নিজে ওই ছাত্রীর কান ধরে পুরো ক্লাসে ঘোরান ও ৪০ মিনিট শ্রেণীকক্ষে দাঁড় করিয়ে রাখেন।এ ঘটনায় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল মঙ্গলবার তাঁরা এ নিয়ে দফায় দফায় মিছিল-সমাবেশ করেন। শিক্ষক আবদুল মান্নানের শাস্তির দাবিতে তাঁরা মানববন্ধন করেন।লাঞ্ছিত শিক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি গত সোমবার অধ্যক্ষকে মৌখিকভাবে ও মঙ্গলবার লিখিতভাবে জানিয়েছেন।শিক্ষক আবদুল মান্নানের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ইনস্টিটিউটের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।