শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার পাঁচপীর খাগড়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই ছাত্রীর মা বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিন মাস আগে ওই শিক্ষকের স্ত্রী মারা যান। এরপর তিনি তাঁর এক নিকটাত্মীয়ের নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই শিক্ষক মেয়েটিকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করছেন। ২৮ জুন সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে জোর করে ওই শিক্ষক তাঁর মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মেয়ের মা অভিযোগ করেন, ওই শিক্ষক তাঁদের নিকটাত্মীয়। মেয়ের বয়স খুব কম। এই অবস্থায় বিয়ে দিতে না চাওয়ায় স্কুলে যাতায়াতের পথে মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করছেন ওই শিক্ষক। এতে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে।
ওই ছাত্রীর অভিযোগ, ‘স্কুল থেকে ফেরার পথে আমাকে ওই শিক্ষক জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসার পর তিনি পালিয়ে যান। তিনি আমাকে বিয়ে করতে চান। তাঁর অত্যাচারে আমি পড়াশোনা করতে পারছি না।’
এ ব্যাপারে আজিজার রহমান বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’
থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’