শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার মাস্টারপাড়ায় একজন শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ছাত্রীটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রোববার ছাত্রীর বাবা বদরগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক একটি কলেজে খণ্ডকালীন শিক্ষকতা করার পাশাপাশি দীর্ঘদিন ধরে বদরগঞ্জ শহরের এলএসডি সড়কে বাসা ভাড়া নিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ানো শেষে ওই ছাত্রীকে তিনি শহরের মাস্টারপাড়ার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। রক্তক্ষরণ শুরু হলে শিক্ষক দ্রুত ছাত্রীটিকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে পালিয়ে যান।শিশুটির বাবা বলেন, ‘আমার সব শেষ করে দিয়েছে ওই শিক্ষক।’হাসপাতালের চিকিৎসক শারমিন খাঁন গতকাল সোমবার জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সে ঠিকমতো খাওয়াদাওয়া করছে না। কেউ কাছে গেলে ভয় পাচ্ছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আজ (গতকাল সোমবার) ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে ধরতে জোর চেষ্টা চলছে।