শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিচারের দাবিতে গতকাল রোববার অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে।অভিভাবকেরা বলেন, গত ২২ মার্চ সকালে ওই শিক্ষক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। এ সময় অন্য কাউকে তাঁর কক্ষে ঢুকতে নিষেধ করেন। কিছুক্ষণ পরে ওই ছাত্রী প্রধান শিক্ষকের কার্যালয় থেকে বের হয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে সে মাকে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা জানায়। এ সময় তার বাবা বাইরে ছিলেন। তিনি বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন। এদিকে প্রধান শিক্ষক তখনই ওই মেয়ের বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেন, ঘটনা জানাজানি হলে মেয়ের মান-সম্মানের ক্ষতি হবে।ঘটনা অন্য শিক্ষার্থীদের অভিভাবকেরা জানতে পেরে গতকাল সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও করেন। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের লোকজন অভিভাবকদের সঙ্গে যোগ দেয়।খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নেয়। এরপর বিষয়টি মীমাংসার জন্য মেয়ের বাবাকে থানায় ডেকে নেওয়া হয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুঠিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী থানায় গিয়ে বিষয়টি আপস করার জন্য মেয়ের বাবাকে চাপ দেন। কিন্তু মেয়ের বাবা আপস করতে রাজি না হওয়ায় নেতারা সন্ধ্যার দিকে থানা থেকে বের হয়ে যান। পরে আপসের জন্য তাঁরা আবার থানায় যান। রাত আটটার দিকে মেয়েটির বাবা ও প্রধান শিক্ষকসহ নেতারা থানা থেকে বেরিয়ে যান।বিকেলে থানায় অবস্থানকালে মেয়েটির বাবার মুঠোফোনে জানতে চাওয়া হয়, মামলা করবেন, নাকি আপসে যাচ্ছেন। জবাবে তিনি বলেন, ‘ওই লাইনে (আপস) আলোচনা হচ্ছে।’এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মানিরুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সবাই রাজি ছিল। কিন্তু মেয়ের বাবাকে ডেকে নিয়ে পুলিশের একজন কর্মকর্তা কী যেন বললেন, তারপর তিনি আর আপসনামায় স্বাক্ষর করলেন না।’অভিযোগের বিষয়ে ওই শিক্ষক বলেন, ‘মেয়ে তো ছোট।’ঘটনা জানতে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা ধরেননি। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এস এম রোকন উদ্দিন বলেন, মেয়ের বাবা লিখিতভাবে অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।