কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের অধ্যাপক আবদুল মজিদ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠান ভণ্ডুল হয়ে গেছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগরের নেতৃত্বে একদল বহিরাগত সরকারদলীয় সন্ত্রাসী ওই অনুষ্ঠান পণ্ড করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ ওই ঘটনার জন্য শিক্ষক আলী আজগরকে দায়ী করেন। অভিযোগ রয়েছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারীরা ওই অনুষ্ঠান পণ্ড করে দেয়।এর আগে শিক্ষক আলী আজগর আওয়ামী লীগের ওই নেতার নির্দেশে এইচএসসি পরীক্ষার্থীদের আবেদন ফরমে অধ্যক্ষের স্থলে সই করেন। বর্তমানে বিষয়টির তদন্ত চলছে। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল অধ্যাপক আবদুল মজিদ কলেজের মিলাদ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। বেলা ১১টায় ৮৮২ জন এইচএসসি পরীক্ষার্থী মিলাদে অংশ নেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। ওই সময় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগরের নেতৃত্বে সরকারদলীয় একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের মিলাদে অংশ নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। বহিরাগত সন্ত্রাসীদের ভয়ে শিক্ষার্থীরা কলেজ থেকে চলে যায়। সন্ত্রাসীরা কলেজের অধ্যক্ষ আবদুল মজিদের ব্যক্তিগত গাড়িচালক তৌহিদুর রহমানের ওপর হামলা করে। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ পরিস্থিতি শান্ত করে। অভিযোগের ব্যাপারে শিক্ষক আলী আজগর বলেন, ‘কী কারণে মিলাদ বন্ধ হয়েছিল, তা অধ্যক্ষকে জিজ্ঞেস করেন।’ আপনি নিজেই ওই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি কিছুক্ষণ নিরুত্তর থেকে টেলিফোন লাইনটি কেটে দেন। কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘আলী আজগরের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী মিলাদে আসা এইচএসসি পরীক্ষার্থীদের বাধা দিয়েছে। তারা কলেজের বার্ষিক মিলাদ পণ্ড করে দেয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসকের অনুমতি নিয়েই মিলাদের তারিখ নির্ধারণ করা হয়। একই সঙ্গে কমিটির সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। তার পরও শিক্ষাবিমুখ একটি অপশক্তি কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট করার জন্য ওই কাজ করেছে।’কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমার অনুমতি নিয়েই মঙ্গলবার মিলাদের আয়োজন করেন। আমি চৌদ্দগ্রামে একটি অনুষ্ঠানে থাকায় মিলাদে শরিক হতে পারিনি। এরপর শুনেছি, বহিরাগতরা গিয়ে মিলাদ পণ্ড করে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’ জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। এগুলো সব অবান্তর কথাবার্তা। আগামী বৃহস্পতিবার মিলাদ হবে। কমিটির সদস্যদের না জানিয়ে মিলাদ করার কারণে তা ভণ্ডুল হয়। কলেজ নিয়ে আমি কোনো রাজনীতি করছি না।’ এর আগে ২ জানুয়ারি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর ২০১২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আবেদন ফরমে সই করেন। অধ্যক্ষের স্থলে একজন সহকারী অধ্যাপকের সই করার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড ওই আবেদন ফরমগুলো ফেরত পাঠায়। একই সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক ওই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। বর্তমানে বিষয়টির তদন্ত চলছে। শিক্ষক আলী আজগর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকারের আশীর্বাদপুষ্ট।