শিক্ষকের বিরুদ্ধে ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের জাগীর উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম সাদিয়া সুলতানা। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জসিম উদ্দিন। এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। তবে মো. জসিম উদ্দিন টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ১৩ নভেম্বর ফরম পূরণের জন্য সহপাঠীদের সঙ্গে সাদিয়াও জসিম উদ্দিনের কাছে সাড়ে তিন হাজার টাকা দেয়। এ জন্য সে নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফরমে স্বাক্ষরও করে। সে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ে কোচিং করে। গত ২৫ জানুয়ারি বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেওয়া হয়। কিন্তু সাদিয়া জানতে পারে তার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আসেনি। পরদিন সাদিয়া তার বাবা আবুল হোসেনকে নিয়ে শিক্ষক জসিম উদ্দিনের কাছে যায়। জসিম উদ্দিন তাদের জানান, সাদিয়া ফরম পূরণের জন্য টাকা দেয়নি। এ জন্য ফরম পূরণ করতে না পারায় তার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আসেনি। আবুল হোসেন প্রথম আলোকে বলেন, অনুরোধ সত্ত্বেও মেয়ের পরীক্ষায় অংশগ্রহণের উদ্যোগ নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতে বিদ্যালয়ে এক সালিস-বৈঠক হয়। তিনি অভিযোগ করেন, ‘ওই শিক্ষক ফরম পূরণের টাকা আত্মসাৎ করেছেন। আমি এর বিচার চাই।’ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সালিস-বৈঠকে ওই পরীক্ষার্থীকে আগামী বছর বিদ্যালয়ের খরচে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আবুল হোসেন অভিযোগ করেন, ‘ওই শিক্ষক ফরম পূরণের টাকা আত্মসাৎ করেছেন। মেয়ে পরীক্ষা দিতে না পারায় শিক্ষাজীবন থেকে এক বছর পিছিয়ে গেল। আমি এর বিচার চাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিন্দ্র চন্দ্র বাড়ৈ বলেন, সহকারী শিক্ষক জসিম উদ্দিন জানিয়েছেন, ওই ছাত্রী পরীক্ষার ফি জমা দেয়নি। তবে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে শিক্ষক জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি খেপে গিয়ে বলেন, ‘যা খুশি তাই লেখেন, আমার তাতে কিছুই হবে না।’ আবারও জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’