শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির লিখিত অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাত করাসহ নানা অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা সুলতানা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসেন না। এ ছাড়া তিনি প্রায়ই শিক্ষার্থীদের গালাগাল দেন ও বাঁশের কঞ্চি দিয়ে পেটান। তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জজ মিয়া বলেন, লিখিত ওই অভিযোগে তিনিসহ কমিটির ছয়জন সদস্যের স্বাক্ষর রয়েছে। তিনি আরও বলেন, সভা ডেকে শিক্ষক সালমাকে সতর্ক করা হয়। কিন্তু তিনি নিজেকে শোধরাননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আসমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে শিক্ষক সালমা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর সবুরকে দায়িত্ব দেওয়া হয়েছে।