শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এতে অভিভাবকেরা চার দিন ধরে তাঁদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।

আজ বুধবার সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই শিক্ষক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে প্রতিদিন সকালে স্কুলের শ্রেণীকক্ষে বসে প্রাইভেট পড়ান। গত শনিবার পড়ানোর সময় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শরীরে হাত দেন বলে অভিযোগ পাওয়া যায়। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। মা স্কুলের অন্য শিক্ষক ও স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এতে অভিভাবকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর পর থেকে অভিভাবকেরা ছেলে-মেয়েকে আর ওই স্কুলে যেতে দিচ্ছেন না।

যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ‘স্যার প্রায় আমাদের মেয়েদের গায়ে হাত দেন। এ পর্যন্ত আমাদের সাতজনের গায়ে স্যার হাত দিয়েছেন।’

ওই ছাত্রী জানায়, পঞ্চম শ্রেণীর ৩১ জনের মধ্যে তারা ১৮ জন ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে।

ছাত্রীর অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষকের কারণে আমরা মেয়েদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছি না। তাকে বরখাস্ত না করা পর্যন্ত আমরা ছেলে-মেয়েকে ওই স্কুলে পাঠাব না।’

আজ বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল খোলা থাকলেও কোনো শিক্ষার্থী নেই। দুজন শিক্ষিকা স্কুলের কার্যালয়ে বসে আছেন।

স্কুল সূত্রে জানা যায়, এ স্কুলে ২৮০ জন ছেলে-মেয়ে লেখাপড়া করছে। তাদের পাঠদানের জন্য চারজন শিক্ষক আছেন।

স্কুলের একজন সহকারী শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘শনিবার স্কুলে পরীক্ষা ছিল। রোববার ও সোমবার সরকারি ছুটি ছিল। মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা আর স্কুলে আসছে না। অভিভাবকদের বুঝিয়েও তাদের ছেলে-মেয়েকে স্কুলে আনতে পারছি না।’

এ ব্যাপারে জানতে ওই শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করলেও কল রিসিভ হয়নি। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘তিনি গ্রামের কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার। প্রাইমারি স্কুলের মেয়েদের সঙ্গে তিনি কি-ই বা করতে পারেন। ১৮ বছর ধরে ওই স্কুলে চাকরি করছেন তিনি। স্কুলের ছেলে-মেয়েদের তিনি বাবার মতো স্নেহ করেন।’

এদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আজ বিকেলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে স্কুলের মাঠে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বলেন, স্কুলে পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ওই শিক্ষককে বরখাস্ত করার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, এ বিষয়ে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।