শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মজিদুল হকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রী এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি কলেজের অধ্যক্ষকেও দেওয়া হয়েছে।অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ মার্চ ওই ছাত্রী তাঁর সহপাঠীদের সঙ্গে শহরের প্রফেসরপাড়ায় মজিদুল হকের বাসায় প্রাইভেট পড়তে যান। পড়াশেষে ওই শিক্ষক অন্য শিক্ষার্থীদের চলে যেতে বলে মডেল টেস্ট পরীক্ষার অজুহাতে ভুক্তভোগী ছাত্রীকে একা অপেক্ষা করতে বলেন এবং তাঁকে যৌন হয়রানি করেন।জেলা প্রশাসক কে এম আলী আজম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আমরা কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘ওই ছাত্রী আমাদের কাছে সরাসরি অভিযোগ করেনি। তবে জেলা প্রশাসকের কাছে করা অভিযোগের অনুলিপি পেয়েছি। যেহেতু জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে, সে ক্ষেত্রে জেলা প্রশাসক কী পদক্ষেপ নিচ্ছেন এর জন্য আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত জেলা প্রশাসকের কাছ থেকে আমরা লিখিত কোনো নির্দেশনা পাইনি।’ অভিযুক্ত শিক্ষক মজিদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে কারা ষড়যন্ত্র করছেন এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।’