শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মানববন্ধন-মিছিল
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে ওই শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভাষ্যমতে, ওই শিক্ষক বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ও তাঁর বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে আসছেন। এক সপ্তাহ আগে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা জানাজানি হয়ে যায়। পরে আরও কয়েকজন শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানায়। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিল্লি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে তিল্লি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়। পরে তারা ওই শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবিতে সেখানে মানববন্ধন করে। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবকেরা ছাড়াও শত শত গ্রামবাসী অংশ নেয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে তিল্লি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, এক সপ্তাহ আগে সন্ধ্যায় তাঁর সন্তানকে ওই শিক্ষক বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন।তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ, প্রাইভেট পড়ানোর কথা বলে ওই শিক্ষক তাঁর ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।এক অভিভাবক জানান, ওই শিক্ষক বিকৃত রুচির। তাঁর এ ধরনের আচরণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছে।অভিযোগের ব্যাপারে জানতে ওই শিক্ষকের মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ্বাস বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে তিনি জানেন না। কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।