শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী গতকাল মঙ্গলবার শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, মো. মিজানুর রহমান অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়ান। শ্রেণীকক্ষে তিনি বেত ও হাত দিয়ে ছাত্রীদের শরীরের বিভিন্ন অংশে খোঁচা দেন। তাঁর এ আচরণে সহপাঠীদের সামনে ছাত্রীদের লজ্জাজনক ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ছাত্রীরা দীর্ঘদিন ধরে তাঁর এ আচরণের প্রতিবাদ করে আসছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কয়েক দিন আগে ছাত্রীরা সম্মিলিতভাবে তাঁর এই আচরণের প্রতিবাদ করে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলে। এরপর মিজানুর রহমান এক ছাত্রীর বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে একটি কাগজে লিখিয়ে নেন যে তারা (ছাত্রীরা) ওই ঘটনায় কারও কাছে কোনো অভিযোগ করেনি এবং ভবিষ্যতেও কোনো অভিযোগ করবে না। পরে ওই কাগজে আরও কয়েকজন ছাত্রীকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অভিযোগের অনুলিপি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল মিয়া বলেন, ‘শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে নোটিশ করে মঙ্গলবার থেকে তাঁকে চলতি দ্বিতীয় সাময়িক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল (আজ বুধবার) বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভায় মিজানুর রহমানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ইউএনও লস্কার তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।’ওসি এস এম জিয়াউল হক বলেন, ‘ইউএনওর দেওয়া তথ্যের ভিত্তিতে একজন উপপরিদর্শককে (এসআই) এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।’শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করে আমাকে হেয় করার জন্য এ ঘটনা সাজিয়েছেন। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’