শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার গাজীমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার পরিচালনা কমিটি জরুরি সভা করে তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ করে। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) মো. সাইদুর রহমান ও মো. মিজানুর রহমান তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন বলে তাঁরা জানিয়েছেন। যৌন হয়রানির শিকার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী বলে, গত সপ্তাহের বৃস্পতিবার সকালে পাঠদান শুরু হওয়ার আগে ওই শিক্ষক অঙ্ক করিয়ে দেওয়ার কথা বলে শ্রেণীকক্ষে নিয়ে জোরপূর্বক তাকে যৌন হয়রানি করে। ভয়ে কাউকে বিষয়টি সে জানায়নি। পরে শনিবারও যৌন হয়রানির চেষ্টা করে, যা সহপাঠীরা দেখে ফেলে। পরে সে প্রধান শিক্ষক ও তার বাবা-মাকে জানায়।প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও সহকারী শিক্ষক নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশিত করেছেন। তবে ওই শিক্ষক এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) মো. লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে।