বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জেলা পুলিশ প্রশাসন ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই শিক্ষকসহ কয়েকজন শহরের জলেশ্বরীতলা এলাকায় দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রাইভেট পড়ান। গত ২৪ মার্চ প্রাইভেট পড়তে আসা দশম শ্রেণীর এক ছাত্রীকে ওই শিক্ষক পড়া বুঝিয়ে দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। এরপর অন্যদের বিদায় করে শিক্ষক ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। একপর্যায়ে ওই ছাত্রী সেখান থেকে বের হয়ে দৌড়ে বাড়ি চলে যায়। ঘটনা শুনে ছাত্রীর পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে জলেশ্বরীতলার কয়েকজন যুবককে বিষয়টি জানান।গত ৩১ মার্চ সন্ধ্যায় ওই যুবকেরা জলেশ্বরীতলা এলাকায় অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানতে পারেন। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশকে প্রধান করে ২ এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ এপ্রিল সৈয়দ আবু সায়েমকে প্রধান করে দুই সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তার পরও দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।’ কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই শিক্ষককে এক মাসের ছুটি দেওয়া হয়েছে। তা ছাড়া কেউ এখনো অভিযোগ করেনি। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।